করিমূল্যাপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে আলোকিত, সুশৃঙ্খল ও জ্ঞাননির্ভর সমাজ গঠনে নিরলস ভূমিকা পালন করে আসছে। শুধু জীবিকার উপায় নয় বরং তা মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের ভিত্তি-এই বিশ্বাসকেই ধারণ করেই আমরা আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে সত্যনিষ্ঠ, নীতিবান, সৃজনশীল ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে প্রস্তুত করা। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল। তাই আমরা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জ্ঞান ছাড়াও প্রযুক্তি-ক্রীড়া সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। এই ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই করিমূল্যাপুর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে শিক্ষা ও মানবিতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো- জ্ঞান তোমাদের শক্তি, নৈতিকতা তোমাদের পরিচয়, আর সততা তোমাদের শ্রেষ্ঠ সম্পদ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
করিমূল্যাপুর উচ্চ বিদ্যালয়
পুলহাট, সদর, দিনাজপুর।
বাংলার উত্তর জনপদের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন জেলা হলো দিনাজপুর। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য দিনাজপুর সমগ্র বাংলাদেশে বিশেষভাবে পরিচিত। এ অঞ্চলের মানুষ শিক্ষা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে আসছে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সেই ধারাবাহিকতায় করিমূল্যাপুর স্কুলটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানই প্রদান করে না, বরং নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদ্যালয়টির রয়েছে একটি সুন্দর, মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ, যা শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক ভূমিকা পালন করে। অভিজ্ঞ, দক্ষ ও আন্তরিক শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় একাডেমিক ফলাফল, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
করিমূল্যাপুর স্কুলটি এলাকার সাধারণ মানুষের কাছে একটি আস্থার প্রতীক। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলা এবং একজন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়টি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই সকলের প্রত্যাশা।